11 August 2026, 7:19 PM
ইমাম উদ্দিন, জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামী ও প্রথম স্ত্রীর মারধরের অভিযোগে জিয়াসমিন আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিয়াসমিন আক্তার ওই এলাকার বশির আহমদের মেয়ে এবং রশিদ আহমেদের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়,রশিদ আহমেদের দ্বিতীয় স্ত্রী ছিলেন জিয়াসমিন আক্তার। তাদের মধ্যে প্রায়ই পারিবারিক নানা বিষয় নিয়ে জটিলতা সৃষ্টি হতো। মঙ্গলবার পারিবারিক কলহের একপর্যায়ে জিয়াসমিন আক্তারকে তার স্বামী ও প্রথম স্ত্রী মারধর করেন বলে অভিযোগ ওঠে।
মারধরের পর জিয়াসমিন আক্তারের শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রশিদ আহমেদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়ে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।