8 August 2026, 10:52 PM
স্টাফ রিপোর্টার : সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গত ৭ আগস্ট ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানি ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সুপারিশ তৈরি করতে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এই কমিটি গঠন করেন।
কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সদস্য সচিব ওসমানী নগর উপজেলা নির্বাহী অফিসার। কমিটিতে আরও রয়েছেন পুলিশ সুপার হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের একজন প্রতিনিধি, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেটের একজন প্রতিনিধি, উপপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের একজন প্রতিনিধি এবং উপজেলা নির্বাহী অফিসার ওসমানীনগর। কমিটিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান, কারও ব্যক্তিগত বা পেশাগত দায়দায়িত্ব রয়েছে কিনা তা উদঘাটন এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। একইসঙ্গে এ বিষয়ে সিনিয়র সচিব জননিরাপত্তা বিভাগ, সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বিভাগীয় কমিশনার সিলেট, পুলিশ সুপার হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়ন, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর সিলেট, জেলা ম্যাজিস্ট্রেট সিলেট, উপপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট এবং উপজেলা নির্বাহী অফিসার ওসমানীনগরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।