6 August 2026, 4:46 PM
ইমাম উদ্দিন,জৈন্তাপুর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা সদরের বটতলা এলাকায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম কিবরিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পেশাজীবী পরিষদের সহ-সভাপতি ডা. মো. জাকারিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মামুনুর রশীদ, সাবেক আমীর মাওলানা নাজমুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রফিক আহমদের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদের সদস্য ডা. আব্দুল হাদি, উপজেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেক্রেটারি মাওলানা আবু বক্কর, বিডিপির সভাপতি শামীম আহমদ, উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি আলতাফুর রহমান, উলামা পরিষদের সভাপতি হাফিজ মাওলানা সামছুজ্জামান, উপজেলা যুব বিভাগের সভাপতি নাজিম আহমদ, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমান, সেক্রেটারি মহিউদ্দিন, উপজেলা ছাত্রশক্তির সমন্বয়ক ফয়সল আহমদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এক ঐতিহাসিক অধ্যায়। তারা জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
বক্তারা জুলাই সনদের দ্রুত বাস্তবায়নে কার্যকর সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তারা গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানান। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংস্কার কার্যক্রম অব্যাহত রাখা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশ শেষে একটি গণমিছিল উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।