২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি কনডম পাওয়ার ঘটনায় আন্দোলনের মুখে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধানকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কলেজ কর্তৃপক্ষ ছাত্রী হোস্টেলের দায়িত্বে থাকা হল সুপার মুজিবুর রহমান ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান পঙ্কজ বর্মণকে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করে।
বুধবার রাতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার দিনভর কলেজটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা কলেজে নানা অনিয়ম, দুর্নীতি, ছাত্রী হোস্টেলের দেখভালের দায়িত্বপ্রাপ্তদের অপসারণ এবং সম্প্রতি ছাত্রী হোস্টেলে বালতি ভর্তি যৌন উপকরণ (কনডম) পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
শিক্ষার্থীদের দাবি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল কলেজটির ছাত্রী হোস্টেল ভবনে অস্থায়ীভাবে অবস্থান নেন। ওই সময় হোস্টেলে ছাত্রীরা ছিলেন না। ভবনের বাথরুম পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে গিয়ে তারা বালতি ভর্তি কনডমের প্যাকেট পান বলে কলেজের বর্তমান ও সাবেক কিছু শিক্ষার্থী দাবি করেন।
শিক্ষার্থীদের কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মঙ্গলবার রাতে ছাত্রী হোস্টেলে অনৈতিক কার্যক্রমের ইঙ্গিত দিয়ে পোস্ট করেন।
বুধবার বেলা ১১টায় কলেজের বর্তমান ও সাবেক বেশ কিছু শিক্ষার্থী জামালগঞ্জ রিভার ভিউ পার্ক এলাকা থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে অবস্থান নেয়। বিকেল পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে প্রতিবাদ জানান।
এ সময় বিক্ষোভকারীরা ছাত্রী হোস্টেলের দায়িত্বপ্রাপ্তদের দোষারোপ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শিক্ষার্থীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হলেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ব্যবস্থা নিতে সময়ক্ষেপণ করেন। পরবর্তীতে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
বুধবার বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
বুধবার রাতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত রঞ্জন দে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল এসে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজের হল সুপার ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধানকে ছাত্রী হোস্টেলের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন এবং তদন্তের নির্দেশ দেন।