,

19 February 2026, 3:56 PM

শহিদ দিবসে পতাকা উত্তোলনের নির্দেশনা সিলেটে

আপডেট টাইম : February 19, 2026 3:56 PM



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেট জেলায় জাতীয় পতাকা উত্তোলন, অর্ধনমিত রাখা এবং নামানোর নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২১ ফেব্রুয়ারি জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে পতাকা অর্ধনমিত রাখা ও সূর্যাস্তের সঙ্গে সঙ্গে নামানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ (সংশোধিত ২০১০)’–এর ০৭(১) বিধি অনুযায়ী অর্ধনমিত অবস্থায় পতাকা উত্তোলনের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। প্রথমে পতাকাটি পতাকাদণ্ডের সর্বোচ্চ চূড়ায় উত্তোলন করে এরপর ধীরে ধীরে পতাকাদণ্ডের মোট দৈর্ঘ্যের এক-চতুর্থাংশ নিচে নামিয়ে অর্ধনমিত অবস্থায় স্থাপন করতে হবে। নামানোর সময় পুনরায় পতাকাটি সর্বোচ্চ চূড়ায় উত্তোলন করে তারপর নামাতে হবে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, পতাকাদণ্ডের দৈর্ঘ্য ২৪ ফুট হলে সর্বোচ্চ চূড়া থেকে অর্ধনমিত পতাকার উপরের প্রান্তের ব্যবধান হবে ৬ ফুট। একইভাবে দৈর্ঘ্য ২৮ ফুট হলে এ ব্যবধান হবে ৭ ফুট।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানকে বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার নির্দেশনা যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন