,

19 February 2026, 7:27 PM

দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে: সিলেট বিভাগীয় কমিশনার

আপডেট টাইম : February 19, 2026 7:27 PM



শেয়ার করুন

সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী বলেছেন, রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে ব্যক্তি পর্যায়ে পরিবর্তনের বিকল্প নেই। ব্যক্তিগত সততা ও ন্যায়পরায়ণতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, দুর্নীতির কারণে দেশ দীর্ঘদিন পিছিয়ে পড়েছে। এখন সময় কথার নয়, কাজের। প্রতিটি খাতে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো আন্তরিকতার সঙ্গে চিহ্নিত করে সমাধানে উদ্যোগী হতে হবে। নতুন বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, উপজেলা বিএনপির আহ্বায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, সহকারী কমিশনার ভূমি মো. মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিদুল ইসলাম বকুল, মিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল ওয়াহাব, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সৈয়দ এমদাদ মিয়া, উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায়, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, বিদ্যুৎ বিভাগের সহকারী আবাসিক প্রকৌশলী পরাগ হায়দার, খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, পল্লী উন্নয়ন ব্যাংক ব্যবস্থাপক মো. আবদুল হাকিম, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা শেখ ফরিদ, একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম কাগুচী, হিসাবরক্ষণ কর্মকর্তা শাহ আলম, প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, নির্বাচন কর্মকর্তা আবুল খায়ের, জগন্নাথপুর বাজার সেক্রেটারি মোশাহিদ আলী ভূইয়া, পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক রিয়াজ রহমান, তাজ উদ্দিন আহমদ, হুমায়ূন কবির ও আবদুল ওয়াহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে একই স্থানে আয়োজিত আরেক অনুষ্ঠানে দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন এবং ভিক্ষুকদের মধ্যে নগদ অর্থ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও সৎ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, পরিবর্তনের সূচনা হোক আমাদের নিজের ভেতর থেকেই, তাহলেই দেশের ভবিষ্যৎ হবে আরও আলোকিত।

শেয়ার করুন