৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
সুয়েব রানা: জৈন্তাপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট ৪ আসনের জৈন্তাপুর উপজেলায় নির্বাচনী প্রচারণা সমাপ্তির সমাবেশে বিএনপি জমিয়ত ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচন বানচালের অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
৭ ফেব্রুয়ারি জৈন্তাপুর উপজেলায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, একটি বিশেষ গোষ্ঠী শেষ মুহূর্তে এসে আসন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নানা অপতৎপরতা চালানো হচ্ছে। তিনি বলেন, জনগণ যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়, তখন পরাজিত শক্তি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। তবে সিলেটের সচেতন মানুষ অতীতের মতো এবারও সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পূর্ণাঙ্গ রূপরেখা। এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে রাষ্ট্র সংস্কার ছাড়া টেকসই মুক্তি সম্ভব নয়। একই সঙ্গে তিনি ভোটের নামে বিভ্রান্তি ছড়ানো এবং ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষকে ভুল পথে নেওয়ার অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো মূল্যে নির্বাচনের সুন্দর পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো উসকানি বা চক্রান্তে পা দেওয়া যাবে না। সিলেটের বহু ধর্ম ও বর্ণের মানুষের দীর্ঘদিনের সহাবস্থানের ঐতিহ্য রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জৈন্তাপুরসহ সিলেট অঞ্চলের দীর্ঘদিনের দাবি অনুযায়ী পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে পাথর কোয়ারি চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ, বিদ্যুৎ, চিকিৎসা ও পর্যটন খাতের উন্নয়নে টেকসই পরিকল্পনা গ্রহণ করা হবে। তিনি দাবি করেন, নির্বাচিত হলে এক বছরের মধ্যেই জৈন্তাপুর উপজেলায় দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।
ইরাদেবী মিলনায়তনে অনুষ্ঠিত এই জনসভায় জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। সভায় দলীয় ও জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনগণের ভোটের শক্তিতেই গণতন্ত্র রক্ষা পায় এবং সেই ভোটের মাধ্যমেই পরিবর্তনের পথ তৈরি হয়, এমন বিশ্বাস নিয়েই জৈন্তাপুরের মানুষ নতুন দিনের প্রত্যাশায় এগিয়ে যাচ্ছে।