বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ

জগদীশপুরে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদের নির্বাচনী জনসভা

আপডেট টাইম : ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ



শেয়ার করুন

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসভাটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর চৌধুরী বাড়ি সংলগ্ন মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন শায়েস্তা মিয়া তালুকদার এবং সভা পরিচালনা করেন সিদ্দিকুর রহমান তালুকদার। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমদ।

বক্তব্যে তিনি বলেন, তিনি ক্ষমতার লোভে নয় বরং মানুষের অধিকার ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই রাজনীতিতে যুক্ত। দীর্ঘদিন ধরে জগন্নাথপুর ও শান্তিগঞ্জ এলাকার মানুষ অবহেলিত ও বঞ্চিত বলে উল্লেখ করে তিনি জানান, জনগণের সমর্থনে নির্বাচিত হলে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন।

তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হওয়ায় একটি মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ভোটারদের সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগদীশপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য বিএনপির নেতা আরিফ চৌধুরী। সভাস্থলে জগদীশপুর গ্রামের বিভিন্ন পাড়া থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। এতে কলকলিয়া ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং মানুষের চোখেমুখে পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘদিনের বঞ্চনা কাটিয়ে ভোটের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পেয়ে সাধারণ মানুষের সেই আশাবাদী অনুভূতিই ছিল এই জনসভার সবচেয়ে শক্তিশালী বার্তা।

শেয়ার করুন