20 January 2026, 6:33 PM
সিলেট বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত সভা মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে যেকোনো অশুভ শক্তি যাতে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি উল্লেখ করেন যে দীর্ঘ সময় পর ভোটের অধিকার প্রয়োগের জন্য মানুষ উদগ্রীব, তাই মানুষের মাঝে উৎসবের আমেজ ধরে রাখার দায়িত্ব সংশ্লিষ্ট সকলের। রাষ্ট্র ও জনগণের ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করতে এবারের গণভোটের গুরুত্ব অপরিসীম বলে তিনি মন্তব্য করেন।
তিনি নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার করার নির্দেশ দেন এবং সচেতন নাগরিকদের কাছ থেকে তথ্য পেলে তা গোপন রেখে তাকে পুরস্কৃত করার বিষয়টি ব্যাপকভাবে প্রচারের কথা বলেন। অবৈধ অস্ত্র ব্যবহার করে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। এছাড়া তিনি খনিজ সম্পদ রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ, জমির উপরিভাগের মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা, নির্বাচনের পূর্বে রিসোর্ট ও হোটেলগুলোর ওপর নজরদারি বাড়ানো এবং ফার্মেসিগুলোতে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি বন্ধে কঠোর তদারকির নির্দেশনাও দেন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আশরাফুর রহমানের সঞ্চালনায় এ সভায় বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।