শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ নভেম্বর ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ণ

সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রসারে সেমিনার

আপডেট টাইম : নভেম্বর ২৪, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ



শেয়ার করুন

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম প্রসারে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে সেমিনারের বিষয় ছিল “আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ- ২০২৫ ও আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা -২০২৫”।

স্কুল অব ল’-এর ডিন অধ্যাপক মোহাম্মদ শেখ আশরাফুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসরাত ইবনে ইসমাইল। প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটি শুধু শিক্ষাদান নয়, সমাজের সামগ্রিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা রাখতে বিশ্বাসী। সরকারি আইনগত সহায়তা সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা বাড়ানো একটি সময়োপযোগী পদক্ষেপ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ শেখ আশরাফুর রহমান বলেন, আইন শিক্ষার্থীদের উদ্দেশ্য শুধু ডিগ্রি অর্জন নয়, বরং সমাজে ন্যায় প্রতিষ্ঠায় বাস্তব অবদান রাখা। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও নৈতিকতার দিগন্ত প্রসারিত করে। তিনি আরও বলেন, নামাজ, রোজা দানের চেয়েও দ্বন্দ্বমান দুইটা পক্ষের বিরোধ মীমাংসা করে দেওয়া আরো বেশি বড় এবাদত।

সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বিশ্বেশ্বর সিংহ। তিনি বলেন, সরকারের আইনগত সহায়তা সেবা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতে একটি অন্যতম হাতিয়ার। সরকার আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং আইনগত সহায়তা প্রদান (আইনি পরামর্শ ও মধ্যস্থতা) বিধিমালা ২০২৫- প্রণয়নের মাধ্যমে এই সেবা আরও সহজলভ্য ও জনগণের দোরগোড়ায় পৌঁছানোর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সরকার সিলেট জেলা সহ প্রকল্পভূক্ত ১২ টি জেলায় পারিবারিক বিরোধ, পিতা মাতার ভরণপোষণ, বাড়ীভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক দাবি প্রভৃতি বিরোধের জন্য মামলাপূর্বক বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান চালু করেছে।

এছাড়াও সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান শের-ই-আলমসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন আইন ও বিচার বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মো. তারেক মিয়া।

শেয়ার করুন