1 September 2025, 11:11 PM
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় জেষ্ঠ্য যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই তিনি রাজনীতিতে এসেছেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নাগরিকরা তাদের প্রাপ্য সম্মান ও অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সরকারি অফিসে গেলেই মনে হয় করুণার পাত্র, অথচ এগুলো নাগরিকের অধিকার। ভূমি অফিসে গেলেই ঘুষের ভয়ে ভীত হতে হয়, যা মৌলিক অধিকারের পরিপন্থী।
সোমবার বিকেলে এনসিপি দক্ষিণ সুরমা উপজেলা আয়োজিত গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমনের চেয়ে বিরোধী দল দমনেই বেশি ব্যস্ত। তিনি প্রশ্ন তোলেন, যদি দুদক সত্যিকার অর্থে নিরপেক্ষ হতো, তাহলে ক্ষমতাসীনদের দুর্নীতি তদন্ত করে সমস্যার সমাধান হতো। তিনি বলেন, যারা ক্ষমতায় থাকেন, তারাই দুদকের প্রধানকে নিয়োগ দেন, তাই তিনি তাদেরকে ভয় পান।
ডা. তাসনিম জারা আরও বলেন, এনসিপি চায় এমন নিয়ম, যাতে ক্ষমতায় থাকা যেকোনো ব্যক্তি সুষ্ঠু তদন্ত ও বিচারের আওতায় আসেন। এই নতুন নিয়মই হবে নতুন সংবিধান, যা নাগরিক অধিকার নিশ্চিত করবে। তিনি তরুণদের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, তরুণদের দেশপ্রেম ও সাহস বেশি থাকে, কিন্তু তাদের প্রায়ই হেয় করা হয়। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। তিনি নারীদের নিরাপদে রাজনীতিতে সক্রিয় থাকার দাবি তুলে বলেন, নারীরা ইতিহাসে গণঅভ্যুত্থানে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন।
উঠান বৈঠকটিতে সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার সদস্য হেলাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) এডভোকেট শিরিন আক্তার শেলী ও নাহিদ উদ্দিন তারেক। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী, সিলেট জেলার যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, সদস্য সোহেল আহমদ মুসা, আয়েশা সিদ্দিকা প্রিয়া, গিয়াস উদ্দিন, সিলেট জেলার প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ খান, সিলেট জেলার সদস্য নুরুল ইসলাম এবং জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহবুবুর রহমান।