২৯ আগস্ট ২০২৫, ৮:০২ অপরাহ্ণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব তাসনিম জারা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তনের জন্য হয়নি, বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তনের জন্যই ঘটেছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘বেঙল ডেল্টা কনফারেন্স ২০২৫’-এ তিনি এ মন্তব্য করেন।
তাসনিম জারা বলেন, টাকা ও পেশীশক্তির ব্যবহারের মাধ্যমে পরিচালিত পুরনো রাজনৈতিক ব্যবস্থাকে জনগণ প্রত্যাখ্যান করেছে।
‘রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক আলোচনা সেশনে তিনি এ সব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহানের সঞ্চালনায় এ আলোচনায় আরও অংশ নেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।
আলোচনার শুরুতেই ড. ডেভিড জ্যাকম্যান বলেন, বাংলাদেশে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যে হারে টাকার ব্যবহার হয়, তাতে চাঁদাবাজির হার বেড়ে যায়। এ ছাড়া ক্ষমতা প্রদর্শনের সংস্কৃতি এ দেশের রাজনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।
এর জবাবে তাসনিম জারা বলেন, বাংলাদেশের মানুষ এখন আর টাকা ও পেশীশক্তির রাজনীতি দেখতে চায় না, যা জুলাই মাসের গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রমাণিত হয়েছে।
ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা) দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে।