২৩ আগস্ট ২০২৫, ১১:৩৯ অপরাহ্ণ
ইমাম উদ্দিন (জৈন্তাপুর প্রতিনিধি): জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসন ও টাস্কফোর্সের যৌথ অভিযানে ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় অভিযানে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা ও সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র দায়িত্বাধীন শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা।
অভিযান চলাকালে ৪ নং বাংলা বাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে শ্রীপুরের রাংপানি নদীর দুই হাজার ঘনফুট পাথর মজুদকৃত অবস্থায় জব্দ করে টাস্কফোর্স। পরে শ্রীপুর চা বাগানের পাশে মজুদ করে রাখা আরো ১২ হাজার ঘনফুট জাফলং এর পাথর জব্দ করা হয়।
এ বিষয়ে অভিযানে নেতৃত্ব দেয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে ৪ নং বাংলা বাজার এলাকায় গত সপ্তাহে জব্দকৃত সাড়ে নয় হাজার ঘনফুট পাথর ও আজ দুই হাজার ঘনফুট সহ মোট সাড়ে এগারো হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানে শ্রীপুর চা বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলং পিয়াইন নদীতে পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি গত সপ্তাহে শ্রীপুর পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ২০ হাজার ঘনফুট পাথর সহ ৪ নং বাংলা বাজার এলাকায় আরো সাড়ে এগারো হাজার ঘনফুট জব্দকৃত সহ মোট ত্রিশ হাজার ঘনফুটের অধিক পাথর প্রশাসনের তদারকিতে রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। পাশাপাশি প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে তিনি জানান।