১৯ জুলাই ২০২৫, ৪:১০ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার : সিলেটের শাহপরান থানার মোহাম্মদপুর, মেজরটিলা এলাকায় এক ভয়াবহ চুরি ও হামলার ঘটনা ঘটেছে। গত ১৭ জুলাই ভোর রাতে অজ্ঞাতনামা চোরদের একটি দল “প্রত্যাশা ১৮/বি” বাসার এক বয়স্ক নারীকে নির্মমভাবে আক্রমণ করে নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা যায়, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে বাসার দক্ষিণ-পশ্চিম পাশের ঘরে ঘুমানো ডাক্তার আকিব আব্দুল্লাহর মা একা উত্তর-পশ্চিম পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন চোর বাসার পূর্ব পাশের একটি ঘরের উত্তর দিকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা ঘুমন্ত অবস্থায় মহিলার মুখ চেপে ধরে, তার গলায় কাপড় পেঁচিয়ে দেয় এবং বটি দা দিয়ে তার মাথায় জোরে আঘাত করে। এতে তিনি কপালের বাম পাশে রক্তাক্ত হন। এরপর চোরেরা তাকে বিছানা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে অন্য একটি ঘরে নিয়ে গিয়ে হাত-পা ও মুখ বেঁধে রাখে।
চোরেরা মহিলার ঘরের একটি স্টিলের আলমারি থেকে নগদ ৪০,০০০ টাকা এবং একটি ড্রয়ার থেকে ৩টি মোবাইল ফোন (২টি স্যামসাং ও ১টি নকিয়া, আনুমানিক মূল্য ৬০,০০০ টাকা) চুরি করে নিয়ে যায়। ভোর আনুমানিক ৪টার দিকে চোরেরা পালিয়ে গেলে আহত মা রক্তাক্ত অবস্থায় ছেলে আকিবকে ডাকেন। আকিব ঘুম থেকে জেগে দরজা খুলে এই মর্মান্তিক দৃশ্য দেখেন এবং মায়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন।
ডা. আকিব তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পরে সকাল সাড়ে ৭টার দিকে আহত মহিলাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।
পরিবারের সাথে আলোচনার পর ডা. আকিব আব্দুল্লাহ শাহপরান থানায় আনুষ্ঠানিকভাবে এই ঘটনায় অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে চিকিৎসার স্লিপও সংযুক্ত করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অপরাধীদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।