17 June 2025, 7:03 PM
মোঃ সাজ উদ্দিন, স্টাফ রিপোর্টার: বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরের অধীন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, দমদমিয়া, বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে ১ কোটি ২০ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
১৭ জুন (মঙ্গলবার) দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক।
বিজিবি সূত্রে জানা যায়, ১৭ জুন (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, দমদমিয়া, বাংলাবাজার বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, জিলেট ব্লেড, আলট্রা ব্রাইট স্কিন ক্রিম, গরু, চিনি, সাবান, বিস্কুট, শ্যাম্পু, অলিভ ওয়েল, টুথপেস্ট, চিংড়ি রেনু পোনা এবং বাংলাদেশ হতে ভারতে পাচারকালে শিং মাছ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ২ হাজার ৬শত টাকা।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।