,

3 June 2025, 9:41 PM

ছাতকে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা-বিক্রেতার ভিড়

আপডেট টাইম : June 3, 2025 9:41 PM



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : ঐতিহ্যবাহী শিল্পনগরী ছাতকে কোরবানির পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। মঙ্গলবার (৩ জুন) ছাতক পৌরসভা সংলগ্ন মাঠে বসেছে এই হাট, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা গরু সাজিয়ে রাখা হয়েছে। হাটে দেশীয় গরুর সংখ্যা বেশি থাকলেও বিক্রেতাদের মতে, কাঙ্ক্ষিত বেচাকেনা এখনো হয়নি।

দুপুর থেকেই হাটে ক্রেতাদের ভিড় বাড়তে দেখা গেছে। অনেকেই হেঁটে হেঁটে গরু নির্বাচন করছেন, দরদাম করছেন। তবে ঈদে এখনো চার দিন বাকি থাকায় অনেক ক্রেতাই এখনই গরু কিনতে আগ্রহী নন। এক বিক্রেতা বলেন, “দাম কম থাকলেও লোকজন শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করছে। আশা করছি, আগামী কয়েক দিনে বিক্রি বাড়বে।”

কিছু ক্রেতার মতে, এখনই গরু কিনে রাখার মতো জায়গা নেই। তারা শুধু দাম জানতে হাটে এসেছেন। একজন ক্রেতা বলেন, “যদি দাম কম পাই, তাহলে এখনই কিনবো। না হলে ঈদের আগের দিন কেনার পরিকল্পনা আছে।”

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মো. তারিকুল ইসলাম হাট পরিদর্শন করে বলেন, “উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মোট চারটি পশুর হাট রয়েছে। এখানে নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিক কাজ করছে।”

পশুর স্বাস্থ্য সুরক্ষায় উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বিজেন্দ্র লাল চক্রবর্তী ও তার সহকর্মীরা হাটে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা দিচ্ছেন। তারা ক্রেতাদের সুস্থ গরু চিনতে পরামর্শ দিচ্ছেন এবং অসুস্থ পশুর চিকিৎসা করছেন।

হাট ইজারাদার সাহিদুল ইসলাম ফরিদ জানান, হাটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং গরুর দাম তুলনামূলকভাবে কম। তিনি আশা প্রকাশ করেন, আগামী বুধবারের হাটে বেচাকেনা বৃদ্ধি পাবে।

ঈদুল আজহাকে সামনে রেখে ছাতকের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের প্রস্তুতি ও উৎসাহ এখনো অব্যাহত রয়েছে। সবাই আশা করছেন, আগামী কয়েক দিনে হাটের জমজমাট পরিবেশ আরও বাড়বে।

শেয়ার করুন