1 June 2025, 4:00 PM
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৬টি আবাসিক হলের নাম পরিবর্তন ও সংশোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ উদ দৌলা স্বাক্ষরিত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়।
নতুন প্রশাসনিক আদেশ অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হলের নাম পরিবর্তন ও ৩টি হলের নাম পুনর্বহাল করা হয়েছে। ভেটেরিনারি কলেজ সময়ের নামকরণকৃত এম. সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হলের নাম পরিবর্তন করে বিগত ফ্যাসিস্ট প্রশাসন শাহ এ এম এস কিবরিয়া হল, হুমায়ুন রশীদ চৌধুরী হল ও সুহাসিনী দাস হল নামে নতুন নামকরণ করা হয়েছিল। বর্তমানে ভেটেরিনারি কলেজ আমলের প্রতিষ্ঠিত নাম পুনর্বহাল করে এম. সাইফুর রহমান হল, শহীদ জিয়া হল ও দুররে সামাদ রহমান হল নামকরণ করা হয়েছে।
এছাড়াও, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, আব্দুস সামাদ আজাদ হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে যথাক্রমে হযরত শাহজালাল (র.) হল, জেনারেল এম. এ. জি. ওসমানী হল ও সুহাসিনী দাস হল নামকরণ করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ পরবর্তী বৈষম্যবিরোধী চেতনায় উজ্জীবিত সিকৃবির ছাত্র-ছাত্রীদের জোরালো দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের হলসমূহের নাম পরিবর্তন ও সংশোধনের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশক্রমে ও ৪৮তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী হলসমূহের নাম পরিবর্তন ও সংশোধন সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।