,

23 May 2025, 12:06 AM

পরিমাপের সাথে সুবিচার ও সুশাসনের সরাসরি সম্পর্ক রয়েছে : বিভাগীয় কমিশনার

আপডেট টাইম : May 23, 2025 12:06 AM



শেয়ার করুন

সিলেটে বিশ্ব মেট্রোলজি দিবসের আলোচনা সভায় বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, পরিমাপের সাথে সুবিচার ও সুশাসনের সরাসরি সম্পর্ক রয়েছে। রাষ্ট্রব্যবস্থায় সঠিক পরিমাপ নিশ্চিত করতে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ভূমিকা অপরিহার্য, যাতে সবাই ন্যায্য সুবিধা পেতে পারে। বুধবার (২১ মে) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সিলেট জেলা প্রশাসন ও বিএসটিআই-এর যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

২০ মে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়। ১৮৭৫ সালের এই দিনে ফ্রান্সে এ দিবসের সূচনা হয় এবং এবার এটি ১৫০ বছরে পদার্পণ করেছে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল ‘Measurements for all times, for all people’ অর্থাৎ ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’। সভায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. মাজাহারুল হক।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ টেকসই বিশ্ব গঠনে সঠিক পরিমাপের গুরুত্ব নিয়ে একটি তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এছাড়া সভায় বিএসটিআই সিলেট বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার প্রতিনিধি, শিল্প প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সঠিক পরিমাপ ও ব্যবসায়িক সততার উপর জোর দিয়ে বলেন, “শোষণমুক্ত বাংলাদেশ গড়তে ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং প্রতারক চক্রকে ভেঙে দিতে হবে।” তিনি বিএসটিআই ও ব্যবসায়ী সম্প্রদায়কে মানসম্মত সেবা প্রদান ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া তিনি বাংলাদেশকে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন।

সভায় বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ বিএসটিআই-এর কাজের প্রশংসা করেন এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন