,

2 May 2025, 12:07 AM

শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিতের দাবিতে মোহাম্মদ সেলিম উদ্দিনের আহ্বান

আপডেট টাইম : May 2, 2025 12:07 AM



শেয়ার করুন

আলোকিত সিলেট ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের প্রধান উপদেষ্টা ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য অবিলম্বে মজুরি কমিশন গঠনের দাবি জানিয়েছেন। আজ (১ মে) বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত র‍্যালি পূর্ববর্তী এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তুলে ধরেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “শ্রমিকরা এদেশের মূল চালিকাশক্তি। তাদের অবদান ছাড়া কোনো উন্নয়নই সফল হতে পারে না। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের ব্যবহার করে নিজেদের সম্পদ বৃদ্ধি করলেও শ্রমিকদের কল্যাণে কোনো কাজ করেনি।” তিনি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার পাশাপাশি স্বাস্থ্যসেবা, দুর্ঘটনা জনিত প্রণোদনা ও শ্রমিক পরিবারের শিক্ষার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

তিনি মালিকদের উদ্দেশ্যে বলেন, “শ্রমিক ছাঁটাই না করে তাদের প্রশিক্ষণ দিন। এতে শ্রমিকদের দক্ষতা বাড়বে এবং উৎপাদন কয়েকগুণ বেড়ে যাবে।” এছাড়া, শ্রমিকদের হয়রানি ও পরিবহন শ্রমিকদের থেকে চাঁদাবাজি বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেটের চা শ্রমিকদের উন্নয়নে সরকারের নতুন পরিকল্পনা গ্রহণের পাশাপাশি ইসলামি শ্রমনীতি বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

গোলাপগঞ্জ পৌরসভা শ্রমিক কল্যাণের সভাপতি এনাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার প্রধান উপদেষ্টা জিন্নুর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল খালিক, গোলাপগঞ্জ পৌরসভার উপদেষ্টা ও সাবেক জেলা সহ-সভাপতি রেহান উদ্দিন রায়হান, শ্রমিক কল্যাণের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সাত্তার মুন্না, গোলাপগঞ্জ উপজেলার উপদেষ্টা হাবিবুল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ পৌরসভা উপদেষ্টা কাজি শাহিদুর রহমান, উপজেলা উপদেষ্টা এহতেছামুল আলম জাকারিয়া, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আশরাফ আল মান্নান লিপু প্রমুখ।

শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে এই সমাবেশে উপস্থিত সবাই একযোগে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন