শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ এপ্রিল ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ

সিলেটে ইফতার মাহফিলে হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাময়িক বহিষ্কার

আপডেট টাইম : এপ্রিল ১৭, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ



শেয়ার করুন

মাহফুজ কাউসার ছাদি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি ইফতার মাহফিলে লিডিং ইউনিভার্সিটির এক ছাত্রের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আখতার হোসেনকে তৃতীয় আসামি করা হয়েছে। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হলে সংগঠনের সিলেট জেলা নির্বাহী কমিটি ও কনভেনর বডি তাকে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আখতার হোসেন মামলায় নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত সংগঠনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না বা সিলেট জেলা আহ্বায়ক হিসেবে নিজেকে দাবি করতে পারবেন না। এ সময়ের জন্য সালমান খুরশেদ (যুগ্ম আহ্বায়ক) ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা সদস্য সচিব নুরুল ইসলাম বলেন, “ঘটনাটি সত্য। হামলার দিনই আমরা প্রেস রিলিজে জানিয়েছিলাম যে জড়িতদের শাস্তি দেওয়া হবে। তদন্তে আখতার হোসেনের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”

এদিকে আখতার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এই ঘটনার সাথে জড়িত নই। এটি সদস্য সচিব নুরুল ইসলামের ষড়যন্ত্র। আমাকে বহিষ্কারের এখতিয়ার শুধু কেন্দ্রীয় কমিটির, স্থানীয় কমিটির নয়। আমি শীঘ্রই এ বিষয়ে প্রেস ব্রিফিং করব।”

সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন