5 March 2025, 11:59 PM
এমরান আহমদ: মৌলভীবাজারের বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৪ মার্চ) সিলেটের পৃথক দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহতরা হলেন বড়লেখা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাটবন্দ এলাকার মৃত বীরেন্দ্র দেবনাথের ছেলে বড়লেখা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ সুভাষ চন্দ্র দেবনাথ (৬৫) এবং ৫ নম্বর ওয়ার্ডের মুড়িগুল এলাকার আব্দুল মুকিতের ছেলে ফাহাদ মনসুর (২৩)।
গত সোমবার (৩ মার্চ) রাতে বড়লেখা পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট পাঠান। সেখানেই মঙ্গলবার বিকেলে ফাহাদ মনসুর এবং সন্ধ্যায় সুভাষ চন্দ্র দেবনাথ মারা যান। এ ঘটনায় আরো একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই দুর্ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত শিক্ষকের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুর্ঘটনাস্থলে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সবাইকে সড়ক আইন মেনে চলার অনুরোধ জানিয়েছেন।