শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ মার্চ ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ

গ্রীসে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালায় বাংলাদেশী গবেষক দলের অংশগ্রহণ

আপডেট টাইম : মার্চ ৩, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ



শেয়ার করুন

গ্রীসের National & Kapodistrian University of Athens-এর ভূতত্ত্ব ও পরিবেশ বিভাগের উদ্যোগে আয়োজিত “Asian Clusters in Agriculture & Climate Change (ALIGNING)” শীর্ষক সপ্তাহব্যাপী কর্মশালায় অংশ নিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর একদল শিক্ষক ও গবেষক। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মশালায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিক্ষেত্রে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলা ও লাগসই প্রযুক্তি উদ্ভাবন নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও, জৈব প্রযুক্তির মাধ্যমে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদন, পণ্যের পেটেন্ট তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং বাজারজাতকরণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করা হয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশী গবেষক দলে উপস্থিত ছিলেন বাকৃবির প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. মোহাম্মদ তাজউদ্দিন, প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান, প্রফেসর ড. ইসমত আরা বেগম, প্রফেসর ড. মোঃ সালাহউদ্দীন পলাশ এবং সিকৃবির প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, প্রফেসর ড. মোহাম্মদ ছফি উল্লাহ ভুইয়া, প্রফেসর ড. মোঃ ওমর শরীফ, সহকারী প্রফেসর স্বরূপ বড়ুয়া ও সহকারী প্রফেসর বিবি মরিয়ম প্রমুখ।

কর্মশালার অংশ হিসেবে সহযোগী প্রফেসর মারিয়া হাটজাকির নেতৃত্বে বাংলাদেশী গবেষক দলকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণাগার পরিদর্শন করানো হয়। এছাড়াও, গ্রীসের রাজধানী এথেন্সের জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর, নগরদুর্গ এবং ঐতিহাসিক স্থাপনা সমূহ ঘুরে দেখানো হয়।

এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশী গবেষকরা জলবায়ু পরিবর্তন ও কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেছেন, যা দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আলোকিত সিলেট / এস এস

শেয়ার করুন