৩০ এপ্রিল ২০২৩, ৬:০৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :প্রবাসীবহুল সিলেটের বিদেশে পাড়ি জমিয়ে জীবনমান উন্নয়নের স্বপ্নকে ব্যাবহার করে সিলেটে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ট্রাভেল এজেন্সি। লাইসেন্স বিহীন এসব ট্রাভেল এজেন্সি বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে লোকজনের থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। অনেক সময় এসব ট্র্র্যাভেলস এজেন্সির বিরুদ্ধে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মানব পাচার, অবৈধভাবে বিদেশ যেতে প্রলুব্ধ করা, টাকা নিয়ে বিদেশ না পাঠানোসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়।
সিলেট জেলায় অবৈধ ট্রাভেল এজেন্সির এই দৌরাত্ম্য কমাতে সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমানের নির্দেশে সিলেট জেলায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রোববার নগরীর সুরমা টাওয়ারে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসানুল আলম এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় এস বি আল করিম ইন্টারন্যাশনাল এয়ার ও মদিনা ইন্টারন্যাশনাল কে বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন ২০২১ ( সংশোধিত ) এর আওতায় মেয়াদ উত্তির্ন ও লাইসেন্স বিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে ০২টি মামলায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম বলেন, নিরাপদে বিদেশ ভ্রমন ও অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা প্রতিরোধে জেলা প্রশাসনের উক্ত কার্যক্রম অব্যাহত থাকবে।