14 April 2023, 8:07 PM
ডিজিটাল নিরাপত্তা আইন নামক নিবর্তনমূলক আইনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বাংলাদেশে ভয়ের রাজত্ব কায়েম করেছে। শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবীদের পাশাপাশি নিজের মৌলিক অধিকারের জন্য লড়াইরত নাগরিকদের বাকস্বাধীনতা হরণে ব্যবহৃত হচ্ছে এই আইন। রাষ্ট্রের কাছে নিজেদের দাবিদাওয়া জানাতে গেলে মৌলবাদী-স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যায়িত করে কালো আইনে জেলে পুরে দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। এরকম দু:সময়ে সারাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে গণতান্ত্রিক ছাত্র জোট।
আজ (১৪ এপ্রিল, ২০২৩) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এক ব্যতিক্রমধর্মী গণস্বাক্ষর কর্মসূচি পরিচালনা করে গণতান্ত্রিক ছাত্রজোট, সিলেট জেলা। কর্মসূচিতে দাবিদাওয়া সংবলিত সফেদ কাপড়ে স্বাক্ষর প্রদান করেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় জোটভুক্ত সংগঠনসমূহের নেতাকর্মীরা উপস্থিত জনগণের সামনে কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইন এবং এর প্রয়োগ সম্পর্কে আলোচনা করেন। আলোচনায় অংশ নেন গণতান্ত্রিক ছাত্রজোট সিলেট জেলার সমণ্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সভাপতি বিশ্বজিৎ শীল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট সিলেট মহানগরের সভাপতি সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের আহবায়ক মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট সিলেট নগরের আহবায়ক সঞ্জয় শর্মা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রণ্ট সিলেট মহানগরের সাধারণ সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সাধারণ সম্পাদক তানজিনা বেগম, সাংগঠনিক সম্পাদক আয়েশা আক্তার, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার নেতা সাগর দাস প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আজকে আমরা যখন উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ করতে যাচ্ছি, তখন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। ক্ষুধার জ্বালায় দেশের মানুষ হাহাকার করছে। সেচের পানির অভাবে আত্মহত্যা করেছেন কৃষক মুকুল সরেন। অন্যদিকে মৌলিক অধিকারের কথা সরকারের কাছে বলা যাচ্ছে না। আওয়ামী ফ্যাসিস্ট রেজিমে কেউ ন্যায্য দাবি তুললে তাকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। জেলে পুরে দেওয়া হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের বলে। এই দু:শাসন গণতান্ত্রিক ছাত্রজোট প্রত্যাখ্যান করে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাসদ( মার্ক্সবাদী) সিলেটের আহবায়ক উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সভাপতি আবু জাফর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান, শ্রমিক-কর্মচারী ফেডারেশন সিলেট জেলার আহবায়ক মোখলেসুর রহমান, নারীমুক্তি কেন্দ্রের সদস্য লক্ষী পাল, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন সিলেট জেলার সদস্য প্রণব দাসসহ সিলেটের সর্বস্তরের জনগণ।
এছাড়াও কর্মসূচি থেকে ঢাকায় মঙ্গল শোভাযাত্রায় জনগণের বিভিন্ন দাবিদাওয়াসংবলিত প্ল্যাকার্ড বহনকারী বামপন্থী ছাত্রনেতৃবৃন্দের উপর হামলা, গণতান্ত্রিক ছাত্র জোটের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে প্রশাসনিক বাধার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।