৩ জুন ২০২২, ১১:২০ অপরাহ্ণ
সিলেটের মুমিনছড়া চা-বাগানে বিগত ৩৩ বছর ধরে দিনপ্রতি ২৫ কেজি করে চা-পাতি তুলে আসছেন চা-শ্রমিকরা। চা-শ্রমিকদের প্রতি অমানবিক এবং অমানুষিক নিয়ম চাপিয়ে দিয়ে, অন্যান্য বাগানে যেখানে দৈনিক ২০-২৩ কেজি পাতা তোলার নিয়ম সেখানে মুমিনছড়া বাগানের মালিক পক্ষ “তাজ চা কোম্পানি” অতিরিক্ত ২-৫ কেজি বেশি পাতি উত্তোলনে শ্রমিকদের বাধ্য করে রেখেছেন বিগত সময়ে। এই অমানবিক পদ্ধতি পরিবর্তন করে অন্যান্য বাগানের সাথে মিল রেখে দৈনিক ২০-২৩ কেজি পাতি তোলার নিয়ম চালুর দাবি জানান শ্রমিকরা। এই দাবির প্রতি স্থানীয় প্রশাসনও সমর্থন জানায়। কিন্তু দাবি না মেনে জোর-জবরদস্তি করে আচমকা বাগান বন্ধ করে দেয় মালিকপক্ষ। আজ সিপিবি, সিলেটের একটি প্রতিনিধিদল বাগান পরিদর্শনে গেলে মালিকপক্ষের বর্বতার চিত্র বর্ণনা করেন শ্রমিক নেতৃবৃন্দ। তারা জানান শুধুমাত্র বাগানের কাজ বন্ধ করেই ক্ষান্ত হয়নি মালিকপক্ষ। বাগানের প্রাথমিক বিদ্যালয় এবং কমিউনিটি ক্লিনিকও বন্ধ করে দিয়েছিলো তারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড সৈয়দ ফরহাদ হোসেন এবং সাধারণ সম্পাদক খায়রুল হাছান এই বর্বরতার তীব্র নিন্দা জানান। পাশাপাশি অবিলম্বে মুমিনছড়া চা-বাগানের শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিয়ে এই বর্বরতার অবসান ঘটানোর আহবান জানান নেতৃবৃন্দ।