১৬ জানুয়ারি ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রাষ্ট্র ও সরকারের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, গণভোটের ফলাফল ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে এবং দেশের পরিবর্তনের জন্য নাগরিকদের গণভোটে অংশ নেওয়া প্রয়োজন।
শুক্রবার বিকেলে সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা তথ্য অফিস আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ফারুক ই আজম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য ছিল গণহত্যার বিচার নিশ্চিত করা, রাষ্ট্র ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের মতৈক্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং ওই সনদের কিছু মৌলিক বিষয়কে কেন্দ্র করে গণভোটের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা জীবনে প্রথমবার ভোট দেবেন, তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হতে পারে। তার ভাষ্য অনুযায়ী, গণভোটের মাধ্যমে অর্থনীতি, বিচারব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তনের পথ তৈরি হতে পারে। তিনি স্বচ্ছল, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতা না থাকলে কোনো সরকারই টেকসইভাবে উন্নয়ন নিশ্চিত করতে পারে না। তিনি বলেন, সচেতনভাবে ভালো প্রার্থী নির্বাচন এবং একটি সুষ্ঠু রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য গণভোটে সমর্থন দেওয়ার প্রয়োজন রয়েছে।
বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দীন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিভিল সার্জন মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রাকিব হাসানসহ অন্যান্য কর্মকর্তারাও অংশ নেন।