৭ আগস্ট ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান–২০২৫’ এর অংশ হিসেবে আজ সিলেট জেলা কার্যালয়ে এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও ভিডিপি, সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান বিভিএমএস, পিএএমএস কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জিয়াউল হাসান বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক নয়, এটি আমাদের প্রজন্মের জন্য, আমাদের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করে।” তিনি বৃক্ষ রোপণকে একটি সদগায়ে জারিয়া হিসেবে উল্লেখ করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাহিনীর সদস্যদের বেশি বেশি গাছ রোপণের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বৃক্ষরোপন শেষে মোঃ জিয়াউল হাসান সকল আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে তিনি সবুজ-শ্যামল ধরিত্রীকে তার চিরায়তরূপে অমলিন রাখার লক্ষ্যে আনসার ও ভিডিপি, সিলেট সদর উপজেলা কর্তৃক সিলেট সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের কুমারগাওঁ পঞ্চায়েতী কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠের চারপাশে বহেরা, হরিতকী, আমলকী, শিমুল, কড়ই, অর্জুন, বকুল, আম, কাঠাঁল, পেয়ারা সহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছ রোপণ করেন।
অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল এডজুটেন্ট ফারুক হোসাইন, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম কিবরিয়া সহ আনসার-ভিডিপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ আনসার ও ভিডিপি প্রতি বছর নিয়মিতভাবে সারা দেশে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে। “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে গত ১৬ জুলাই ২০২৫ তারিখে আনসার-ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি “বৃক্ষরোপণ অভিযান–২০২৫” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি রেঞ্জ, ব্যাটালিয়ন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।
আজ সিলেট জেলার ১৩টি উপজেলায় সামাজিক বনায়ন গড়ে তোলার লক্ষ্যে সরকারি খাস ও পতিত জমি, মহাসড়কের পাশে ও টিলাসহ বিভিন্ন উপজেলা পরিষদে প্রায় তিন হাজার বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এই প্রচেষ্টাকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।