,

3 June 2025, 12:14 AM

জকিগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি: কুশিয়ারা নদীর ভাঙনে প্লাবিত একের পর এক এলাকা

আপডেট টাইম : June 3, 2025 12:14 AM



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেটের সীমান্ত উপজেলা জকিগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙনের ফলে বিপুল পরিমাণ পানি লোকালয়ে প্রবেশ করছে, যার ফলে একের পর এক গ্রাম ও জনবহুল এলাকা তলিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে জকিগঞ্জ উপজেলার ভাখরশাল, মানিকপুর, রারাই, মাইজকান্দি, খলাছড়া, লোহারমল ও সুপ্রাকান্দি এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। এসব এলাকা সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা দ্রুত প্লাবিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জকিগঞ্জ বাজারের পরিস্থিতি আরোও ভয়াবহ। দোকানপাট, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে রাস্তাঘাট—সবকিছুই এখন পানির নিচে তলিয়ে গেছে। এতে স্থানীয় ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেকেই জানান, তারা ব্যবসা পরিচালনা তো দূরের কথা, নিজেদের মালামালও রক্ষা করতে পারেননি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগাম প্রস্তুতি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এক ব্যবসায়ী বলেন, “একদিনের মধ্যে পানি হঠাৎ এতটা বেড়ে গেল যে কিছুই বুঝে ওঠার সুযোগ পাইনি। অনেক ক্ষতি হয়ে গেছে। জরুরি পদক্ষেপ নিলে হয়তো এই পরিস্থিতি এড়ানো যেত।”

বন্যার পানি দ্রুত বাড়তে থাকায় স্থানীয়রা আশঙ্কা করছেন, পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। জরুরি ভিত্তিতে পদক্ষেপ না নেওয়া হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে তারা সতর্ক করেছেন।

শেয়ার করুন