,

15 June 2023, 8:02 PM

রোববার ৩৪৮ কেন্দ্রে ৭৮হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে সিসিক

আপডেট টাইম : June 15, 2023 8:02 PM



শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রোববার (১৮জুন’২৩) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সারাদেশে পালিত হবে।একযোগে দেশের সকল সিটি কর্পোরেশন,পৌরসভা ও ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাঠকর্মীগণ ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।

ইপিআই নিয়মিত, স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্র এবং ভিটামিন এ অস্থায়ী কেন্দ্র, অতিরিক্ত ও ভ্রাম্যমাণ কেন্দ্রে এ কর্মসূচী পালিত হবে। এ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন বুধবার (১৫জুন) বিকেলে সাংবাদিক ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। সিসিকের প্রধান স্বাস্থ কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ বদরুল হক।তিনি বলেন, সাংবাদিকরা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন।গণমাধ্যমকর্মীদের লেখনীতে সমাজের প্রকৃত চিত্র ফুটে উঠে। বদরুল হক ভিটামিন এ প্লাস ক্যম্পেইনটি ব্যাপক প্রচার করতে সকলের প্রতি অনুরোধ জানান।

সভায় ডা. জাহিদ জানান, সারাদেশের মত সিলেট সিটি কর্পোরেশনেও আমরা ক্যম্পেইন বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মসুচী হাতে নিয়েছি। তিনি বলেন, সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের ৩৪৮টি কেন্দ্রে ৮৪জন সুপারভাইজার ও ৬৯৬জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ৬-১১ মাস বয়সী ৮৮৬৫ জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯মাস বয়সী ৬৯২৬৪জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে। মোট ৭৮১২৯জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যম্পেইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

তিনি বলেন, ভিটামিন শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। তাই বাংলাদেশে ভিটামিন এ এর অভাবজনিত সমস্যা প্রতিরোধে স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বছরে দুই বার এ ক্যম্পেইন করে থাকে।

তিনি আরো জানান, ক্যম্পেইনকালে চার ধরনের শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না। তারা হলো, ৬মাসের কম বয়সী শিশু, ৫বছরের বেশী বয়সী শিশু, ৪মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল প্রাপ্ত শিশু এবং অসুস্থ শিশু। সভায় সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন