10 October 2026, 7:03 PM
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান অস্থিরতার প্রেক্ষিতে বাণিজ্যমন্ত্রীর সাথে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি উপস্থিত ছিলেন । উক্ত সভায় শিক্ষার্থীরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের অধীনে স্থানান্তর, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে দ্রুত পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, কলেজে বিদ্যমান শিক্ষক সংকট নিরসন এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য একটি খেলার মাঠ নির্মাণের দাবি জানান। শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে মন্ত্রী বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব এবং শিক্ষার্থীদের যৌক্তিক চাহিদার প্রতি সর্বদা সংবেদনশীল। তিনি জানান যে, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ গ্রহণ করবেন। কলেজের বর্তমান শিক্ষক সংকট দূরীকরণ এবং কলেজকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগে স্থানান্তরের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ উচ্চপর্যায়ে আলোচনা করবেন। উক্ত সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে একটি খেলার মাঠ নির্মাণ করে দেবেন মর্মে জানান। মন্ত্রীর আশ্বাসে সন্তোষ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এবং আগামী রবিবার হতে শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ারিং কলেজের সদ্য যোগদানকৃত অধ্যক্ষ ড. মোঃ সাহিদ ইকবাল সহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এসব তথ্য জানিয়েছেন।