4 June 2026, 6:12 PM
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিএনপির নেতাকর্মীদের হামলায় ফাতেমা বেগম (৫০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার ১নং বাঘা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা ছাত্রলীগের সদস্য এবং বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসলামের মা।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ জুন রাতে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদের নেতৃত্বে ফাতিমা বেগমের ওপর হঠাৎ নৃশংস হামলা চালায়। এ সময় তার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ২৯ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।