8 September 2026, 10:35 PM
মোঃ আয়মান মিয়া,দিরাই প্রতিনিধি।
মাদক ও অপরাধ দমনের পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি ইতিবাচক ধারায় সম্পৃক্ত করতে দিরাইয়ে প্রথমবারের মতো থানা পর্যায়ে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এই টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় তরুণ ও ক্রীড়ামোদী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি ও মাঠ পরিদর্শনকালে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, থানা পর্যায়ে প্রতিভা অন্বেষণ ও বাছাইয়ের মাধ্যমে সেরা খেলোয়াড়দের নিয়ে একটি শক্তিশালী কাবাডি দল গঠন করা হবে। এই দলটি পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দিরাই থানার প্রতিনিধিত্ব করবে।
পুলিশ প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়া সংগঠকরা। তাদের মতে, খেলাধুলা যুবসমাজকে মাদক, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।
টুর্নামেন্টে অংশ নিতে ইচ্ছুক উপজেলার উদীয়মান ও আগ্রহী কাবাডি খেলোয়াড়দের দ্রুত দিরাই থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বর্তমানে দল গঠনের লক্ষ্যে রেজিস্ট্রেশন ও টিম সংগ্রহের কাজ চলছে এবং খুব শীঘ্রই আনুষ্ঠানিক যাচাই-বাছাই ও ট্রায়াল শুরু হবে।