,

15 April 2026, 6:19 PM

দিরাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ

আপডেট টাইম : April 15, 2026 6:19 PM



শেয়ার করুন

দিরাই প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বর্ণিল ও জাঁকজমকপূর্ণ আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছেন স্থানীয়রা। স্মরণকালের অন্যতম বৃহৎ এই আয়োজন ঘিরে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকেই দিরাই পৌরশহরজুড়ে ব্যানার, ফেস্টুন ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিরাই সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণের স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।

এছাড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আমির আলী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। অন্যদিকে উদীচী ও অনিবার্য সাংস্কৃতিক সংসদের উদ্যোগে শহরে মঙ্গল শোভাযাত্রা এবং দাউদপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসব আয়োজনে উদীচীর সভাপতি নারায়ণ দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উৎসবে অংশ নেওয়া সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে জানা যায়, দিরাইয়ে এ ধরনের জাঁকজমকপূর্ণ বর্ষবরণ আয়োজন আগে কখনো দেখা যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের নববর্ষ উদযাপন ছিল ব্যতিক্রমধর্মী।

তারা ভবিষ্যতেও এমন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন