5 February 2026, 8:55 PM
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে স্মরণকালের বৃহৎ জনসভার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৭ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও বক্তব্য রাখবেন।
এই জনসভা ও আমিরে জামায়াতের সিলেট সফর উপলক্ষে বৃহস্পতিবার নগরীর ধোপাদিঘীরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সিলেট ১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এই ব্রিফিংয়ে সিলেটের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগর আমির ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম। পরিচালনা করেন মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, আলিয়া মাদ্রাসা মাঠের জনসভা ইনশাআল্লাহ জনসমুদ্রে পরিণত হবে। এই জনসভায় সিলেট জেলার ছয়টি আসন এবং সুনামগঞ্জ জেলার চারটি আসনের জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। তিনি জানান, জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে।
তিনি আরও জানান, জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হবে। আমিরে জামায়াত হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় অংশ নেবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাতি দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় রয়েছে। অতীতে বিনা ভোটে ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হয়েছিল। এবার মানুষ ভয়ভীতি ও শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিতে চায়। কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর অভিযান না থাকায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর দৃশ্যমান কোনো কার্যক্রম চোখে পড়ছে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, নগরীতে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরা সক্রিয় রয়েছে এবং কিছু ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশের আশঙ্কাও রয়েছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সিলেট ১ আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, জাতীয় নাগরিক পার্টির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, জাগপা ও বিডিপিসহ বিভিন্ন দলের মহানগর নেতৃবৃন্দ এবং মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
সভায় বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছু শঙ্কা থাকলেও দেশপ্রেমিক সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তারা আস্থা রাখতে চান। প্রতিটি মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সে জন্য সাংবাদিক ও সিলেটবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
ভোটাধিকার নিশ্চিত করার এই সময়ে শান্তিপূর্ণ পরিবেশ, দায়িত্বশীল প্রশাসন ও সচেতন জনগণই পারে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ তৈরি করতে, যা ভবিষ্যতের জন্য আশা ও আস্থার বার্তা বহন করবে।