,

1 February 2026, 2:00 AM

গোয়াইনঘাটে দিনব্যাপী গণসংযোগ-সমাবেশে আরিফুল হক চৌধুরী: উন্নয়নের স্বার্থে কোনো আপস নয়

আপডেট টাইম : February 1, 2026 2:00 AM



শেয়ার করুন

গোয়াইনঘাট (সিলেট): মোঃ মনিরুজ্জামান মনির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, “আমাকে আপনারা নির্বাচিত করলে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় অতীতেও কোনো আপস করিনি, ভবিষ্যতেও করব না। উন্নয়নের প্রশ্নে কোনো ধরনের বাধা বা রক্তচক্ষু আমাকে দমাতে পারবে না।”

শনিবার (৩১ জানুয়ারি-২০২৬) গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ও রুস্তুমপুর ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত গণসংযোগ ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল খান টি এস্টেটে চা শ্রমিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরিফুল হক চৌধুরী বলেন, উন্নয়ন করতে গেলে অনেক সময় কাদা ছোড়াছুড়ি হয় এবং ব্যক্তি স্বার্থে আঘাত লাগলে অনেকে বাধা হয়ে দাঁড়ায়। তবে এলাকার স্বার্থে ও জনগণের অধিকার আদায়ে তিনি কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না বলেও জানান।

তিনি আরও বলেন, “আসুন আমরা প্রতিজ্ঞা করি, হয়রানি-হানাহানি, হিংসা, বিদ্বেষ পরিহার করে পরিবার-সমাজে শান্তি ও স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখব। হিংসা ব্যক্তি-পরিবার-সমাজকে ধ্বংস করে দেয়।”

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া তাকে সিলেট-৪ আসনে মানুষের সেবা করার জন্য পাঠিয়েছেন। পাশাপাশি দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি এসেছেন উল্লেখ করে বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই আসনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, “আপনারা যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করেন এবং বিএনপি-জমিয়ত ঐক্যজোট ক্ষমতায় যায়, ইনশাআল্লাহ জৈন্তাপুর-গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে অভূতপূর্ব উন্নয়ন হবে।”

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে। তিনি দাবি করেন, এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ উত্তোলন হলেও এলাকার মানুষ বঞ্চিত থাকেন। তাই আগে এলাকার ন্যায্য হিস্যা বুঝিয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার কথাও বলেন।

এ সময় পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব ফয়সল, সিলেট মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন