,

9 August 2026, 12:55 AM

চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮

আপডেট টাইম : August 9, 2026 12:55 AM



শেয়ার করুন

ইমাম উদ্দিন,জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ডিবির হাওরের লাল শাপলা বিলের ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে কদমখাল গ্রামের রিপন মিয়া এবং কেন্দ্রি হাওর গ্রামের মোস্তোকিন আলীর ছেলেদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নিলে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন—জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রি হাওর এলাকার মাসুক মিয়া (৪৫), পিতা মোস্তোকিন মিয়া; হারুন মিয়া (৫৫), পিতা মোস্তোকিন মিয়া; মানিক আহমদ (৪০), পিতা মোস্তোকিন মিয়া; ফজলু মিয়া (৮০), পিতা মৃত আইয়ুব আলী এবং রফিক আহমদ (৫০), পিতা ফজলু মিয়া। এছাড়া আহত আরও কয়েকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ এবং সংঘর্ষে জড়িতদের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন