,

5 August 2026, 11:31 PM

স্কলার্সহোম শাহি ঈদগাহ কলেজে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত

আপডেট টাইম : August 5, 2026 11:31 PM



শেয়ার করুন

স্কলার্সহোম শাহি ঈদগাহ কলেজে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ অনুষ্ঠানে সিলেট শিক্ষা বোর্ডর কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, বলেন-
সত্য ও ন্যায়ের সন্ধান করে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে স্কলার্সহোম শাহি ঈদগাহ কলেজে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে কলেজ মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। প্রতিযোগিতায় এক গ্রুপে অষ্টম শ্রেণি ও নবম শ্রেণির মধ্যকার খেলায় অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা বিভাগের মধ্যকার প্রতিযোগিতায় ব্যবসায় শিক্ষা বিভাগ চ্যাম্পিয়ন হয়। প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় শিক্ষার্থীদের ক্রীড়াসুলভ মনোভাব উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।

পরে সকাল সাড়ে ১০টায় কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. নজরুল ইসলাম বলেন, “সত্য ও ন্যায়ের সন্ধান করে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।” তিনি শিক্ষার্থীদের সত্যনিষ্ঠ, সুশৃঙ্খল ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও সততাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

ইংরেজি বিভাগের প্রভাষক এ. এস. মো. কামরুল হক জুয়েল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি অধ্যাপক জয়নুল আবেদীন চৌধুরী বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুনির আহমেদ কাদেরী, উপাধ্যক্ষ হেমন্ত কুমার দেবনাথ, বাংলা বিভাগের প্রভাষক বিজয়া সরকার এবং নবম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আহমেদ সাবাহ।

এরপর কলেজের কালচারাল ক্লাবের ইনচার্জ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মীনাক্ষী সাহা-এর পরিচালনায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা (ষষ্ঠ-দশম শ্রেণি)-তে প্রথম স্থান অর্জন করে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সামিহা নুসাইবা, দ্বিতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফারিহা বিনতে কামাল এবং তৃতীয় স্থান লাভ করে নবম শ্রেণির শিক্ষার্থী আরিয়ানা সুজাত।

জুনিয়র গ্রুপ (ষষ্ঠ-অষ্টম শ্রেণি) রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী সামিহা নুসাইবা, দ্বিতীয় স্থান লাভ করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আদিবা ওয়াসি শুহরাত এবং তৃতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ডেবোলিনা দেব পূনম।

অপরদিকে সিনিয়র গ্রুপ (নবম-দশম শ্রেণি) রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে দশম শ্রেণির শিক্ষার্থী আইমান আদিল দাইয়ান, দ্বিতীয় স্থান লাভ করে দশম শ্রেণির শিক্ষার্থী শ্রুতিকথা দাস এবং তৃতীয় স্থান অর্জন করে নবম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আহমেদ সাবাহ।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের লক্ষ্যে কলেজের স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব, আর্ট ক্লাব এবং এবং শিক্ষকবৃন্দ , শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসের সকল কর্মসূচি সুশৃঙ্খল, প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ার করুন