,

14 July 2026, 12:59 PM

জৈন্তাপুরে অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : July 14, 2026 12:59 PM



শেয়ার করুন

ইমাম উদ্দিন:জৈন্তাপুর প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদক,চোরাচালান,বাল্যবিবাহ, নারী নির্যাতন,অনলাইন জুয়া ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমানোর লক্ষ্যে একটি জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জৈন্তাপুর মডেল থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকার খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধি, চা-বাগানের নারী-পুরুষ শ্রমিক, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস সুনন্দা রায় বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, মানবপাচার ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সন্দেহজনক যেকোনো তথ্য দ্রুত প্রশাসন ও পুলিশকে জানানোর অনুরোধ করেন।

তিনি বলেন,জৈন্তাপুর প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে সমৃদ্ধ একটি জনপদ। কিন্তু প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, তেমনি এ অঞ্চলেও কিছু নেতিবাচক দিক রয়েছে। সেই অন্ধকার দূর করে আগামী প্রজন্মকে আলোর পথে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখেছে।মাদক,চোরাচালান, মানবপাচার কিংবা অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি বলেন,আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতাই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এবং অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।

সভায় আরও বক্তব্য দেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আহাদ, মোকামপুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল আলী, সাবেক ইউপি সদস্য আবুল হাশিম সুন্দই এবং বর্তমান ইউপি সদস্য রাজু সিং।

স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পক্ষে বক্তব্য রাখেন খাসিয়া কমিউনিটির নেত্রী আইরিন খাসিয়া। এ সময় কমিউনিটি নেতা টেম লানং, কামিন খাসিয়া ও ডিবেনসনসহ খাসিয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পান-সুপারিসহ নিজস্ব কৃষিপণ্য বাজারজাতকরণে হয়রানি বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন,জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান,সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদ আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) উৎসব কর্মকার। সার্বিক সহযোগিতায় ছিলেন এএসআই জিয়াউর রহমান।
সভায় জানানো হয়, স্থানীয় সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশনায় আগামী ১ আগস্টের আগে সীমান্ত এলাকায় অপরাধ প্রবণতা কমাতে ধারাবাহিক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এর অংশ হিসেবে আগামী দুই সপ্তাহ সীমান্তবর্তী এলাকায় বিট পুলিশিং ও জনসচেতনতামূলক সভা অব্যাহত থাকবে।

শেয়ার করুন