28 June 2026, 6:19 PM
মহিলা বিষয় অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন,সমাজের ধর্ষণ বেড়ে গেছে। প্রতিনিয়ত শিশু ধর্ষণ ,নারী ধর্ষণ,প্রতিবন্ধী ধর্ষণ, বযস্ক ধর্ষণের খবর পাচ্ছি আমরা।এটি ভয়ংকর বিপদ সংকেত। বিকৃত মানসিকতার লোকদের হাত থেকে রেহাই পাচ্ছে না ছেলে-মেয়েরা।তিনি বলেন,সমাজকে পচনের হাত থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে তরুণদের সম্পৃক্ত করতে হবে।
রোববার (২৮জুন) সকালে আরএইচস্টেপ “অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রকল্প)” কর্তৃক আয়োজিত যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) সচেতনতামূলক উদ্যোগ বিষয়ে এক নেটওয়ার্কিং মিটিং(Networking Meeting of Unlocking Youth Potential UYP Project, Strengthening Collaborat Youth Development, SRHR, Gender Equality & Inclusive Health Reform)-এ সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।আরএইচস্টেপ এর ইউনিট ম্যানেজার নিহার রঞ্জন দাসের সভাপতিত্বে নগরীর নাওরপুলস্থ একটি আন্তর্জাতিক মানের এক হোটেল সিলেট প্যারাডাইস ইন্ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো.আব্দুর রউফ শাহ, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্বপ্নিল সৌরভ রায় , উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ।
প্রকল্পের মেন্টর তানজিনা বেগমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মেহেদি হাসান।তিনি বলেন,চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থানে যেসকল তরুণরা বুক চিতিয়ে পুলিশের গুলির সম্মুখে থেকে যারা আন্দোলন করেছেন,সেই সকল তরুণদের আমরা বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করছি।তিনি বলেন,সেবা ও নেতৃত্বের জন্য সাহসী মানুষ প্রয়োজন।অনুষ্ঠানে মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল,RHSTEP ইয়ুথ অফিসার ফিলিপ সমদ্দার, UYP মেন্টর মাহফুজ আলম, আয়েশা আক্তার, ইয়ুথ এডভোকেট, স্মৃতি উরাং, আবির খান, মাহবুব এলাহি সিফাত, সালমা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা কমিউনিটি উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং তারুণ্যকে সম্পৃক্ত করার কার্যক্রমকে তৃনমূল পর্যায়ের সম্প্রসারিত করার আহবান জানান।
উল্লেখ্য,এই প্রকল্পটি স্বনামধন্য এনজিও RHSTEP এর একটি উদ্যোগ, যা ১৯৮৩ সাল থেকে বাংলাদেশে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সরকারকে MDGs, SDGs ইত্যাদি আন্তর্জাতিক স্বাস্থ্য লক্ষ্য অর্জনে সহায়তা করতে কাজ করছে।
RHSTEP এর চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অপরাজেয় তারুণ্য (ইউওয়াইপি প্রকল্প), সিলেটে শিক্ষার্থী, প্রান্তিক তরুণও তারুণীদের মধ্যে SRHR জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে তারা তথ্যভিত্তিক আলোচনা, কৌশলগত সহযোগিতা এবং স্থানীয় কমিউনিটিতে শক্তিশালী প্রচার ও সচেতনতা গড়তে চায়।
সভায় জানানো হয়ে,SRHR সম্পর্কিত বিষয়ের সঙ্গে জড়িত অংশীদারদের মধ্যে অর্থবহ মতবিনিময় নিশ্চিত করা; যুব সংগঠন, কমিউনিটি নেতৃবৃন্দ ও স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে সহযোগিতা ও শেখার সুযোগ তৈরি করা; অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক SRHR শিক্ষাকে এগিয়ে নিতে যৌথ পরিকল্পনা গ্রহণ করা হবে।