রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৮ অপরাহ্ণ

জকিগঞ্জে পারিবারিক বিরোধে বড় ভাইয়ের আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ণ



শেয়ার করুন

সিলেটের জকিগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ১৩ ফেব্রুয়ারি রাতে উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বড় ভাই জাকির আহমদ ২৮ ও তার স্ত্রীর সঙ্গে ছোট ভাই কামিল আহমদ ২৫ এর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির আহমদ কাঠের চেলা দিয়ে কামিল আহমদের মাথায় আঘাত করেন। গুরুতর আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, অভিযুক্ত জাকির আহমদকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে সামান্য বিরোধ এমন মর্মান্তিক পরিণতি ডেকে আনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। রক্তের সম্পর্ক যেখানে ভরসার প্রতীক হওয়ার কথা, সেখানে ক্ষণিকের উত্তেজনা যে কত গভীর ক্ষত তৈরি করতে পারে, এই ঘটনাই তার বেদনাদায়ক উদাহরণ।

শেয়ার করুন