10 February 2026, 8:40 AM
সুয়েব রানা: সিলেট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এই বৈঠকে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
৯ ফেব্রুয়ারি রাতে উপজেলার ৪ নম্বর লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া ১ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সভাপতি সুলতান আহমদের বাড়িতে এই উঠান বৈঠক আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আব্দুর রবের পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও লেঙ্গুড়া ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান লুৎফুল হক খোকন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমদ, থানা বিএনপির সদস্য শাহেদ মেম্বারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র সংগঠন ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই জাতীয় সংসদ নির্বাচন এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন ও জনস্বার্থে কাজের মানুষ হিসেবে আরিফুল হক চৌধুরীকে নির্বাচিত করা প্রয়োজন। তারা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিশেষ করে নারী ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।
নেতাকর্মীরা আরও বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই ধানের শীষের বিজয় নিশ্চিত করা সম্ভব। এজন্য সবাইকে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
শতাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উঠান বৈঠকটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শেষ পর্যন্ত নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।