5 February 2026, 6:40 PM
সুয়েব রানা: জৈন্তাপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট ৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি জমিয়ত ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দিনব্যাপী গণসংযোগ ও পথসভায় অংশ নিয়েছেন।
৫ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই, পূর্ব ইসলামপুর ও পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, পাথর কোয়ারি বন্ধ থাকায় ভোলাগঞ্জ, জাফলং ও বিছনাকান্দি এলাকার বিপুলসংখ্যক শ্রমিক, ট্রাকচালক ও পাথর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কর্মহীন অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। বিএনপি ক্ষমতায় এলে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করে কেবল সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারিগুলো পুনরায় চালু করা হবে এবং শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, আধুনিক বা যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি হয়, তবে পরিবেশের অজুহাতে দীর্ঘদিন ধরে কোয়ারি বন্ধ রেখে হাজার হাজার পরিবারকে বেকার করে রাখা কোনো সমাধান হতে পারে না। কোয়ারিগুলো চালু হলে কয়েক লাখ মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি দেশের নির্মাণ খাতে পাথর আমদানির নামে বিপুল অর্থ বিদেশে চলে যাওয়াও বন্ধ হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া তাকে সিলেট ৪ আসনে মানুষের সেবা করার দায়িত্ব দিয়েছেন। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন, এখন এলাকার ভোটারদের দায়িত্ব হলো ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে পাঠানো, যাতে সিলেট ৪ আসনের সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা যায়।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর মানুষ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। তাই সবাইকে নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। সিলেটে এমন একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ গড়ে তুলতে হবে, যা সারা দেশের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
গণসংযোগ ও পথসভা ঘিরে বিভিন্ন এলাকায় ব্যাপক জনসমাগম দেখা যায় এবং স্থানীয় জনগণ প্রার্থীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
কর্মসংস্থান, পরিবেশ রক্ষা ও ভোটাধিকারের প্রশ্ন যখন একসঙ্গে মানুষের সামনে আসে, তখন গণতন্ত্রের শক্তি নতুন করে জাগ্রত হয় এবং সেই জাগরণই পারে একটি জনপদের ভবিষ্যৎ বদলে দিতে।