24 January 2026, 7:55 PM
সিলেট ২ বিশ্বনাথ ও ওসমানীনগর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়িত হবে। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে।
শনিবার ২৪ জানুয়ারি দুপুরে সিলেটের বিশ্বনাথে প্রতীক বরাদ্দের পর ধানের শীষের সমর্থনে প্রথম প্রচার মিছিল শেষে পৌরশহরের নতুন বাজার এলাকার প্রবাসী চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভার আগে সওজের ডাকবাংলোর সামনে থেকে প্রচার মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তাহসিনা রুশদীর লুনা বলেন, জননেতা এম ইলিয়াস আলীর উন্নয়ন কার্যক্রম এবং তাকে নির্যাতনের বিষয় মনে রেখে ভোটারদের সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, ধানের শীষের বিজয় হলে তা হবে জনগণের বিজয় এবং উন্নয়ন অগ্রগতির বিজয়। বিএনপিকে জনগণের দল উল্লেখ করে তিনি দাবি করেন, দলটি ক্ষমতায় গেলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হবে।
দলীয় সূত্র জানায়, প্রচার মিছিল ও পথসভায় প্রতীকী ধানের শীষ হাতে নিয়ে তাহসিনা রুশদীর লুনার দুই ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব এবং লাবীব শারার ভোট চান। এ সময় তাদের সঙ্গে ছিলেন পরিবারের একমাত্র মেয়ে সাইয়ারা নাওয়াল। মিছিলের অগ্রভাগে ছিলেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আছকির আলী।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী এবং সাধারণ সম্পাদক লিলু মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রবাসী বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।