16 January 2026, 11:48 PM
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর বিক্রম বলেছেন, গণভোট জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মৌলিক অধিকার সমুন্নত রাখতে গণভোট সফল করার প্রয়োজন রয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) সিলেট সার্কিট হাউজে জেলা পর্যায়ের কোর কর্মকর্তাদের সঙ্গে গণভোট বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত ছিলেন বলে জানানো হয়।
ফারুক ই আজম বলেন, সব রাজনৈতিক দলের দীর্ঘ সময়ের পর্যালোচনার প্রেক্ষিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই সনদকে আরও সুসংহত করতে গণভোট সফল করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী নির্বাচনকে উৎসবমুখর করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। একইসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কর্মীর মতো আচরণ করা যাবে না এবং কর্মকর্তাদেরও কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ কর্মীর মতো আচরণ করা উচিত নয়। তিনি দাবি করেন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে পক্ষপাতিত্বের অভিযোগ না ওঠে।
তিনি আরও বলেন, সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে রাষ্ট্রের সক্ষমতা জোরদার করতে হবে। দায়িত্ব পালনে সততা ও নিয়মশৃঙ্খলা বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, গণভোট ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, গণভোটের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের কাজ করতে হবে। একইসঙ্গে তিনি বলেন, গণভোটে অবস্থান যাই হোক, সংসদ নির্বাচনের ক্ষেত্রে নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন।
সিলেট বিভাগীয় কমিশনার খান মো রেজা-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো সাইদুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো সাইদুর রহমান খান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, জেলা প্রশাসক মো সারোয়ার আলমসহ বিভাগের জেলা পর্যায়ের কোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।