১০ নভেম্বর ২০২৫, ১:৫২ অপরাহ্ণ
সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় পরিচালিত একটি বিশেষ অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৯ প্রায় ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রিয়া আক্তার (২০) হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকার বাসিন্দা।
গতকাল ৯ নভেম্বর সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকায় র্যাব-৯-এর একটি অভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ-সিলেট ‘বিরতিহীন এক্সপ্রেস’ বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় আশরাফ স্টোরের সামনে থামানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালালে তাকে আটক করা হয় ।
আটককৃত রিয়া আক্তারের সঙ্গে থাকা কফি রঙের একটি ট্রলি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে রিয়া আক্তার স্বীকার করে যে, সে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়িত্বের মাধ্যমে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ সূত্রে জানানো হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে ।
উল্লেখ্য, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ, বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ ও দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।