শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

২০ অক্টোবর ২০২৫, ১১:৫০ অপরাহ্ণ

নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণে হামলার প্রতিবাদে সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ

আপডেট টাইম : অক্টোবর ২০, ২০২৫ ১১:৫০ অপরাহ্ণ



শেয়ার করুন

নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিলেট মহানগরের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আম্বরখানা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে এবং মহানগরের সেক্রেটারি শহীদুল ইসলাম সাজুর সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

সমাবেশে প্রধান অতিথি হাফেজ ইউসুফ ইসলাহী তার বক্তব্যে নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, বিএনপি ক্ষমতার লোভে জালিমে পরিণত হচ্ছে এবং তারা আওয়ামী ফ্যাসিস্ট কায়দায় মসজিদ দখল নিতে চাচ্ছে। তিনি বলেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উচিত চাদাবাজি পরিহার করে দলের পরিষ্কার ও নির্দিষ্ট এজেন্ডা নির্ধারণ করা, কারণ এই ফ্যাসিস্ট সংস্কৃতিকে এই দেশের মানুষ আর গ্রহণ করবে না। তিনি আরও বলেন, ছাত্রশিবিরের বিরোধিতা বন্ধ করে মানুষকে সাথে নিয়ে গঠনমূলক কাজ করলে মানুষ তাদের পাশে থাকবে। কিন্তু যদি তারা ইসলাম, কুরআন ও মসজিদের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে এই দেশের জনগণ তাদেরকে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

সভাপতি শাহীন আহমদ তার বক্তব্যে বলেন, বিগত ষোল বছর ধরে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে ছাত্রশিবিরকে দমন করার বহুবিধ প্রয়াস চালানো হয়েছে কিন্তু তারা ক্রমেই ব্যর্থ হয়ে নিঃশেষ হয়েছে। নতুনভাবে যারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন, তারাও নিঃশেষ হয়ে যাবে। তিনি বিএনপির প্রতি গঠনমূলক রাজনীতি গ্রহণের আহ্বান জানান এবং নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইউব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের। এছাড়া ছাত্রশিবির সিলেট মহানগরের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন