28 September 2025, 6:36 PM
ইমাম উদ্দিন:জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবিবার ষষ্ঠীপূজা পালনের মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার ছয় ইউনিয়নের ১৯টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে এই পূজা। পূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
শনিবারে জৈন্তাপুর মডেল থানায় পুলিশ,আনসার ও গ্রাম পুলিশের সমন্বয়ে ব্রিফিং শেষে প্রতিটি মণ্ডপে ফোর্স মোতায়েন করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম জানান, ১২৮ জন আনসার ও গ্রাম পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্থানীয় স্বেচ্ছাসেবক টিমও সক্রিয় রয়েছে।
মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকরা জানিয়েছেন, প্রতিমা স্থাপনসহ আনুষঙ্গিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিজপাট শ্রী শ্রী কালীবাড়ী মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রী হাওড় সার্বজনীন পূজা মণ্ডপে ২০–২৫ সদস্যের স্বেচ্ছাসেবক দল কাজ করছে।
জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, প্রতিটি মণ্ডপে পুলিশ দায়িত্ব পালন করছে। পাশাপাশি দিনে-রাতে বিশেষ টহল ও মোবাইল টিম নিয়মিত পরিদর্শন চালাবে। তামাবিল মহাসড়কের পাশে থাকা মণ্ডপগুলোতে গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অন্যদিকে ৪৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর নুরুল হুদা জানান, সীমান্তঘেঁষা তিনটি মণ্ডপে নিয়মিত টহল দিচ্ছে বিজিবি। বাড়তি নজরদারিও জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা বলেন, পূজার সার্বিক তদারকিতে কন্ট্রোল রুম চালু হয়েছে এবং প্রতিটি মণ্ডপে একজন করে কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।