শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৩ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৯ অপরাহ্ণ

জকিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় পাঁচ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩, ২০২৫ ১:৫৯ অপরাহ্ণ



শেয়ার করুন

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পৃথক কয়েকটি অভিযানে ভারতীয় পাতার বিড়ি, একটি মহিষ ও চিনিসহ প্রায় পাঁচ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের লক্ষীবাজার বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মইয়াখালী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬,৮৬৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি আটক করে। আটককৃত বিড়ির সিজারমূল্য ধরা হয়েছে তিন লক্ষ তেতাল্লিশ হাজার দুইশত টাকা।

একই দিনে জৈন্তাপুর ও ডোনা বিওপির পৃথক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় মহিষ ও ৫০০ কেজি চিনি আটক করে। এগুলোর সিজারমূল্য ধরা হয়েছে এক লক্ষ পঁঞ্চান্ন হাজার টাকা। এই অভিযানগুলোর মাধ্যমে মোট চার লক্ষ আটানব্বই হাজার দুইশত টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত সুরক্ষায় এই ধরনের অভিযান চলমান থাকবে বলে বিজিবি জানিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি।

শেয়ার করুন