শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ জুলাই ২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ

রঙে ফুটবে জুলাই অভ্যুত্থানের ইতিহাস

আপডেট টাইম : জুলাই ২৪, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ণ



শেয়ার করুন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা”। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনের অংশ হিসেবে দেশব্যাপী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত এই প্রতিযোগিতার সিলেট পর্বের আয়োজক হিসেবে রয়েছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট এবং সার্বিক সহযোগিতা দিচ্ছে সিলেট সিটি কর্পোরেশন।

আগামী ২৭ জুলাই ২০২৫, রবিবার সকাল ১০টায় সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, আলমপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে সিলেট বিভাগের প্রতিটি জেলা থেকে মাধ্যমিক পর্যায়ের ৩টি (১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী) এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩টি (১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী) দলসহ মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার মূল বিষয় নির্ধারিত হয়েছে “জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান”। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্ধারিত দেয়ালে নিজ দলের শৈল্পিক ভাবনা দিয়ে এই বিষয়ের ওপর গ্রাফিতি অঙ্কন করবে, যেখানে জুলাই-২০২৪-এর প্রেক্ষাপট এবং দেশের ভবিষ্যৎ ভাবনার প্রতিফলন প্রত্যাশিত।

প্রতিযোগিতা শেষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পৃথকভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলগুলোকে যথাক্রমে তিন লক্ষ, দুই লক্ষ ও এক লক্ষ টাকার পুরস্কার প্রদান করা হবে। পরবর্তীতে ৫ আগস্ট ২০২৫ তারিখে কেন্দ্রীয় চূড়ান্ত মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের সেরা দুইটি প্রতিষ্ঠানকে প্রতিটিকে পাঁচ লক্ষ টাকা করে পুরস্কৃত করা হবে। মানসম্পন্ন শিল্পকর্মগুলোর স্থিরচিত্র ও ভিডিও julyforever.gov.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সংরক্ষিত হবে।

এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও শৈল্পিক ভাবনার বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের ইতিহাস ও গণতান্ত্রিক চেতনা সম্পর্কে তাদের সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছে আয়োজকরা।

শেয়ার করুন