,

24 June 2025, 1:20 AM

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল হামলা: সিলেট জেলা ও মহানগর কমিটির তীব্র নিন্দা

আপডেট টাইম : June 24, 2025 1:20 AM



শেয়ার করুন

গতকাল ২৩ জুন রাত আনুমানিক ১১টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বাংলামোটর সিগন্যাল থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার থেকে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হুসেনসহ উপস্থিত নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়।

এই সন্ত্রাসী হামলায় এনসিপির চারজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁরা হলেন— মহানগর নেতা আসিফ উদ্দীন সম্রাট, কেন্দ্রীয় শ্রমিক উইং-এর সংগঠক শফিকুল ইসলাম, হাজারিবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন এবং ধানমন্ডি থানার সংগঠক আব্দুর রব।

এনসিপি সিলেট জেলা ও মহানগর শাখা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। দলীয় সূত্রে জানা যায়, এনসিপির নিবন্ধন ইস্যুতে জনসমর্থন বৃদ্ধি পাওয়ায় একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান এবং সিলেট মহানগরের প্রধান সমন্বয়কারী আবু সাদেক মো. খায়রুল ইসলাম যৌথ বিবৃতিতে বলেন, “এই হামলা রাজনৈতিক সন্ত্রাসের নিকৃষ্টতম উদাহরণ। যারা গণতান্ত্রিক রাজনীতিকে ভয় পায়, তারাই এমন হামলা চালায়। আমরা প্রশাসনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”

এনসিপি সিলেট শাখা আশা প্রকাশ করে যে, প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেবে।

শেয়ার করুন